কলারোয়া প্রতিনিধি:: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুরে ৮ দলীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মকন্দপুর অ্যামাজিং ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ। রোববার বিকেলে উপজেলার চন্দনপুর ফুটবল মাঠে চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের আয়োজনে এ সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ ও সাতক্ষীরার মকন্দপুর অ্যামাজিং ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত মকন্দপুর অ্যামাজিং ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জিএম শফিউল আলম শফি। এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কামরুল ইসলাম খসরু, ইয়াসিন আলী সরদার, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।