নিজস্ব প্রতিবেদক : চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। জেলার আটটি উপজেলার নয়টি থানা এলাকায় ৫৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে মোটরসাইকেল আরোহীদের।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে এ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তৎপরতা ও যানবাহনে ব্যাপক তল্লাশি চালাতে দেখা যায়। অভিযান তদারকি করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।
রাত সাড়ে ৮টার দিকে শহরের মনিহার চত্বরে চেকপোস্ট কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, চুরি, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। এ লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলার নয়টি থানা এলাকায় পুলিশের একাধিক দল একযোগে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।