Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধ

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর , ২০২৬, ০৩:০২:৫৬ এম
ঝিনাইদহে সাবেক স্ত্রীকে  পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ শহরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত নারীর সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। আটক মেরাজ জেলা সদরের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সুমাইয়া ও মেরাজের বিয়ে হয়। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন সুমাইয়া। পরে সন্তানের ভরণপোষণের টাকা চেয়ে ঝিনাইদহ আদালতে মামলা করে সুমাইয়ার পরিবার। আদালত ছেলের খরচ বাবদ মেরাজকে টাকা দেওয়ার নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেও আগের নির্দেশ বহাল থাকে। তবে টাকা দেওয়া নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। বুধবার সকালে ছয় বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে যান সুমাইয়া। সেখানে মেরাজের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় ধস্তাধস্তিতে মেরাজের মাথার পেছনেও ইটের আঘাত লাগে। পরে স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেরাজকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। নিহত সুমাইয়ার ভাই রাতুল হোসেন বলেন, বিচ্ছেদের পর মামলা করলে আদালত সন্তানের ভরণপোষণের টাকা দিতে মেরাজকে নির্দেশ দেন। কিন্তু টাকা দেওয়ার ভয়ে মেরাজ কয়েকবার তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করেছেন। এবার সত্যিই তাঁকে হত্যা করলেন। এ ঘটনার কঠোর শাস্তি চান তাঁরা। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি বলেন, সুমাইয়াকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর শরীর, হাত, পা ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় অভিযুক্ত মেরাজ দাবি করেন, তিনি ঢাকা থেকে বৈদ্যুতিক সামগ্রী কিনে ঝিনাইদহে খুচরা বিক্রি করেন। তাঁর আয় খুবই কম। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে আদালতের মাধ্যমে ছেলের ভরণপোষণ বাবদ মাসে ৬০ হাজার টাকা এবং প্রতিবছর ৮০০ টাকা বাড়ানোর নির্দেশ নেওয়া হয়েছে। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁর নেই। তিনি সুমাইয়াকে মারেননি; ছেলেকে দেখতে সেখানে গিয়েছিলেন। সুমাইয়ার বাবার বাড়ির লোকজন ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসিয়েছে এবং মারধর করেছে বলেও দাবি করেন তিনি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মেরাজকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)