কলারোয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, আমরা বিভেদের নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে কর্মমুখর জনগোষ্ঠী গড়ে তুলতে চাই। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অবকাঠামোর উন্নয়ন করতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, আমরা বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চাই। উন্নয়ন কাজে বিনা সুদের ঋণ প্রদান করতে চাই। সেই সাথে শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই। কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুছ আলি বাবু, জামায়াতনেতা আব্দুল রকিব, প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদসহ সকল সাংবাদিকবৃন্দ ।