নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২২৫ জন কারাতে কোচের মানোন্নয়নের লক্ষ্যে কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। গত ৩০ ও ৩১ জানুয়ারিতে দুই দিনব্যাপী কোচদের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। বুধবার প্র্যাক্টিকাল এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখান থেকে উত্তীর্ণ এবং সনদ পাওয়া কোচেরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন। কারাতে কোচেস কোর্স প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। তিনি বলেন- এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় পাস করা কোচেরা এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) এবং বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) পরীক্ষা দেয়ার উপযোগী বলে বিবেচিত হবেন। কারাতে কোচেস কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান টুটুল। তিনি যশোর সদরের একমাত্র বিকেএফ সার্টিফাইড কারাতে প্রশিক্ষক।