শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোর-১ (শার্শা) আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও জনসভা করছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নারী-পুরুষের স্বতস্ফূর্ত উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুটখালী ইউনিয়ন শাখার আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ দেশের জনগণ আর দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।”
তিনি আরও বলেন, জনতার ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে। এক থেকে পাঁচ বছর বয়সী শিশু ও তাদের মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। চাকরি না পাওয়া যুবকদের জন্য প্রথম দুই বছর ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে।
এছাড়া তিনি সকল ইউনিয়ন পরিষদ এলাকায় কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বেনাপোল বন্দরকে ডিজিটাল বন্দরে রূপান্তর করে তিন দিনের কাজ চার ঘণ্টায় সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। বন্দরের শ্রমিকদের জুলুম থেকে মুক্ত করে স্মার্ট বেতনের ব্যবস্থা করা হবে এবং এই বন্দর থেকে সরকারের রাজস্ব আয় চার গুণ বৃদ্ধি করার পরিকল্পনার কথাও জানান।
মাওলানা আজিজুর রহমান আরও বলেন- শার্শা উপজেলাকে মাদকমুক্ত করা হবে, গ্রামের সব কাঁচারাস্তা পাকাকরণ করা হবে এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। ভারতের জলপ্রবাহজনিত জলাবদ্ধতা নিরসনে ইছামতি নদীতে সুইচগেট নির্মাণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলা, প্রবাসী মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।