নিজস্ব প্রতিবেদক : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নির্বাচনী প্রচারের শেষ দিন ভাষণে বলেছেন- জনগণ আমাদেরকে বিজয়ী না করে যদি অন্য কাউকে বিজয়ী করে তাহলে আমরা তাদের সহযোগিতা করবো। নিজেদের ভুলের আত্মসমালোচনা করবো। তিনি বলেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। ১১ দলীয় ঐক্য ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না। দুর্নীতিকে সহযোগিতা করবে না।
তিনি আরও বলেন, দেশে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় ৮২ কোটি টাকা। চায়নাতে এক কিলোমিটার রাস্তা করতে খরচ হয় ১২ কোটি টাকা। এই ৭০ কোটি টাকা আপনার আমার টাকা। তাই দুর্নীতি রোধ করা গেলে আমাদের উন্নয়নে বেশি টাকা লাগবে না। কপোতাক্ষ নদের খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা বিদেশি সংস্থার সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করছি। ঝিকরগাছার হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা করার দাবি রয়েছে মানুষের। দেশে প্রথম যদি একটি হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যা হয়, তাহলে সেটা হবে ঝিকরগাছা হাসপাতাল ইনশাআল্লাহ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। এর আগে এক বিশাল মিছিল ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে ব্রিজ সংলগ্ন স্থানে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান এবং যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল হোসেন।