নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় বিএনপি কর্মীদের হামলায় জামায়াত সমর্থিত ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বরভাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৫৫), শরিফুল ইসলাম (৫০), মাহমুদ হোসেন (৪৬) ও আশরাফ আলীর ছেলে বোরহান (২২)। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতদের স্বজনরা দাবি করেছেন, বরভাগ গ্রামে জামায়াত সমর্থিত এক মহিলা কর্মীকে ফেসবুকে স্ট্যাস্টাস দেয়ার প্রতিবাদ করা নিয়ে বিএনপি সমর্থিতদের সাথে জামায়াত কর্মীদের গোলযোগ হয়। এরই জের ধরে ধলগ্রাম ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ ইনজামুল , ছাত্রদলের সহ সভাপতি বাপ্পী, মাসুদ, আরাফাত, বদিয়ারসহ আরও কয়েকজন হামলা চালিয়ে উল্লিখিত ৪ জনকে মারধরে জখম করেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আশরাফ আলীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে, স্থানীয় বিএনপির এক নেতা জানান, জামায়াতের লোকজন বিএনপি কর্মীদের নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট আপলোড করেছেন। এরই জের ধরে এই জখমের ঘটনা ঘটেছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।