কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঝিনাইদহ-৩ সংসদীয় আসন দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৬৬ কেন্দ্র ও ৭৭৯ টি বুথে নেয়া হবে সংসদ ও গণভোট। এ সব কেন্দ্রগুলোর মধ্যে ২৮ টি অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছেন প্রশাসন। তবে নিরাপত্তায় কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোটচাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্রাদ রায় বলেন-কোটচাঁদপুর -মহেশপুর এ দুই উপজেলা নিয়ে ঝিনাইদহ-৩ সংসদীয় আসন। এ দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। যার মধ্যে ২ লাখ ১৭ হাজার ৪ শত ৭০ জন পুরুষ আর ২ লাখ ১৩ হাজার ৫ শত ৪২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। এ সব ভোটারদের ভোট নেয়া হবে ১৬৬ টি কেন্দ্রের ৭৭৯ টি বুথের মাধ্যমে। যার মধ্যে মহেশপুরে রয়েছে ১১২ টি ও কোটচাঁদপুরে রয়েছে ৫৪ টি কেন্দ্র।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ভোটের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপজেলায় ১৮ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনের দিনগুলোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তার বলেন-মহেশপুরে ১১২ টি ভোট কেন্দ্র। এরমধ্যে ১০টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হয়েছে। ওই সব কেন্দ্র সহ সব কেন্দ্রেগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ ছাড়া যে সব কেন্দ্রে বাউন্ডারি নেই, সে সব কেন্দ্রেও তারকাঁটার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।