নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
এ ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনা স্থলে ছুটে যান মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনিসহ দলীয় নেতৃবৃন্দ। গ্রামের বিএনপির দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের অফিসটি পরিদর্শন করে উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি জানান ঘটনাটি যেই ঘটাক তার শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা কামাল বলেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন- এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি না দিলে পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটাবে তারা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আমাজেদ সরদার বলেন, প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে ছিলাম। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরের চেয়ার-টেবিল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
আমাজেদ সরদার আরো জানান-এটি শুধু আওয়ামী লীগের অফিস নয়, দল মত নির্বিশেষে অনেকেই এখানে এসে বসতেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানান।