কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিশু থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, চেয়ার সিটিং, বেলুন ফাটানোসহ ছবি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে শিশুদের কোলাহলে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। ক্রীড়ানুষ্ঠান শেষে স্কুল চত্বরে আয়োজিত বনভোজনে সকলেই একসাথে বসে মজা করে দুপুরের খাওয়া শেষ করে। বিকেলে অভিভাবকদের অংশগ্রহণে সংক্ষিপ্তভাবে মনোরম একটি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশুরা নৃত্য পরিবেশন করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিশুরা দিনটি অতিবাহিত করে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাংবাদিক আতাউর রহমানসহ অতিথিবৃন্দ। বিকেলে ক্রীড়া ও ছবি অঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আমজাদ হোসেন, শাহ আলম, মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে প্রমুখ।