নিজস্ব প্রতিবেদক : গাঁজার মামলায় চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী আমিনুর রহমানকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আমিনুর রহমান রামকৃষ্ণপুর গ্রামের মৃত হকের আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৬ মার্চ রাতে চৌগাছার হিজলী বিওপির বিজিবি সদস্যরা ইন্দ্রপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় আমিনুরকে আটক ও তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হবিলদার মনির হোসেন বাদী হয়ে আটক আমিনুরের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি আমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিনে তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র সরকার।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আমিনুর রহমান কারাগারে আটক আছে।