চৌগাছা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার ১৪ হাজার ১৯৭ টি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে।
ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ পৌর প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের চিঠি দিয়ে চাল বরাদ্দ দেয়ার কথা জানিয়ে দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে আগামী ১ মার্চের মধ্যে পরিবারগুলোর তালিকা সম্পন্ন করতে হবে। জনসংখ্যা অনুযায়ী ইউনিয়নগুলোকে বরাদ্দ দেয়া চালের কার্ডের পরিমান হলো চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮৫ টি, ফুলসারা ইউনিয়নে এক হাজার ২৮৯ টি, পাশাপোল ইউনিয়নে ৯’শ ৯৫টি, সিংহঝুলি ইউনিয়নে ৬’শ ৭৮টি, ধুলিয়ানী ইউনিয়নে ৭’শ ৭৮ টি,চৌগাছা ইউনিয়নে ৬’শ ৪৬টি, জগদীশপুর ইউনিয়নে ৮’শ ৯০টি,পাতিবিলা ইউনিয়নে ৭’শ ৭৪টি, হাকিমপুর ইউনিয়নে এক হাজার ৭৪ টি,স্বরুপদাহ ইউনিয়নে এক হাজার ৩৩৪ টি,নারায়ণপুর ইউনিয়নে এক হাজার ২৬৫টি এবং সুখপুকুরিয়া ইউনিয়নে এক হাজার ৪৩৯ টি।
চাল প্রাপ্তির জন্য পরিবার গুলোর জন্য ১২ টি শর্ত নির্ধারণ করা হয়েছে। যে সব পরিবার চাল পাবার উপযুক্ত বলে বিবেচিত হবে তাদেরকে ১২ টি শর্তের মধ্যে কমপক্ষে চারটি শর্ত পুরণ করতে হবে। যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো হলো ভিটে বাড়ি ছাড়া যাদের কোন জায়গা জমি নেই, যারা কেবলমাত্র দিন মজুরের উপর নির্ভরশীল, যে পরিবারের উপর্জনক্ষম ব্যাক্তি মহিলা এবং পেশা ভিক্ষাবৃত্তি, যে পরিবারে উপর্জনক্ষম কোন পুরুষ নেই, যে পরিবারের শিশুদের আয় করতে হয়, যে পরিবারে উপার্জনশীল কোন সম্পদ নেই, বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলা, অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা, যে পরিবারের প্রধান অসচ্ছল বা প্রতিবন্ধী, যাদের ক্ষুদ্র ঋন নেই, দুর্যোগ কবলিত পরিবার এবং যারা সারা বছর ঠিকমত খাবার পায়না।
এ ধরনের পরিবারগুলোকে বাছাই করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ চাল পাওয়ার উপযুক্ত পরিবার বাছাই করার জন্য চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়েছেন।