জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাড: রুহুল আমিনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি। এমপি রুহুল আমিন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও আশপাশসহ পেছনে গিয়ে ঝোপঝাড় কাটেন। এ সময় হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন তিনি।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য। এ সময় হাসপাতালের কর্মকর্তাদের মুখ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি । মতবিনিময়কালে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ৬ মাসের মধ্যে অপারেশন চালুর অঙ্গীকার করেন তিনি। পরে এমপি সাংবাদিকদের বলেন, আজকে আমি আমার প্রাণের শহর, আমার জন্মস্থান জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। এখানকার যে পরিবেশ, বাইরের সাইটের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা-এগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। হাসপাতালে যে গন্ধ থাকে, আজকে অন্তত সেটি পাইনি। এগুলো খুবই ইতিবাচক দিক, ভালো দিক। রুহুল আমিন আরও বলেন, এখানে এক্স-রে মেশিন দীর্ঘদিন খারাপ আছে। অন্যান্য মেশিনারিজ ভালো আছে, সেগুলোতে কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান সুজনসহ কর্মকর্তা-কর্মচারীরা। জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু বক্কর, পৌর আমির ফিরোজ হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর সেক্রেটারি আরিফ জোয়াদ্দার প্রমুখ।