অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত রোমান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার উড়োতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিল কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক ত্রুটিজনিত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিলের ইলেকট্রনিক ইনচার্জ সোহেল রানা জানান, পাট সংরক্ষণাগারের পেছনের অংশে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। পরে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ সাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ বিষয়ে রোমান জুট মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন- খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।