ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় রোববার। আসন্ন নির্বাচনে মোট ৪৭ ভোটার চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশনের প্রধান আনিসুজ্জামান পিন্টু। তিনি এ প্রতিবেদককে বলেন, চারজন সদস্যের বিরুদ্ধে দ্বৈত সদস্য হওয়ার অভিযোগ ওঠে। তারা হলেন-রাশেদ পারভেজ ফুল, কাজী শহীদ আহমেদ, রিয়াজুল ইসলাম রিয়াজ ও কাজী ফরিদ আহমেদ। শুনানী ও লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এবং ওই চারজন যশোরের সদস্য পদ বহাল রাখার আবেদনের পরিপেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যায় সংগঠনের সদস্য খায়েরুজ্জামান বাবু প্রধান নির্বাচন কমিশনারের কাছে ওই চার জন দ্বৈত সদস্য এ মর্মে ভোটার তালিকার ওপর অপত্তি করেন। তিনি আবেদনে উল্লেখ করেন-তারা চারজন যশোর ছাড়াও সংগঠনের ঢাকার ভোটার। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সদস্য দ্বৈত সদস্য পদে থাকতে পারেন না। ধারা-১১ এর ‘ছ’ তে আরও উল্লেখ আছে, জেলা/শাখার সাধারণ পরিষদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অপর এক সূত্রে জানা গেছে,ওই চার সদস্য কেন্দ্রের সদস্য পদ খারিজ করা হবে। এমনকি,নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটি বরাবর চিঠি দিয়েছে বলে সূত্র জানায়।
এদিকে, মনোনয়নপত্র ক্রয় ৩ মার্চ, মনোনয়নপত্র জমা ৫ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৮ মার্চ, বাছাইকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিষ্পত্তি ৯ মার্চ, বাছাইকৃত মনোনয়ন প্রার্থীদের নাম প্রকাশ ১০ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ মার্চ চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৬ মার্চ এবং ভোট গ্রহন ২৩ মার্চ। শামস্-ইল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিলে বর্ণিত সকল কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার কার্যালয়ে বিকেল ৩ টা থকে ৫ টা পর্যন্ত পরিচালিত হবে।