কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে বেসরকারি শিশু হাসপাতালে ভুল চিকিৎসার কারণে উপজেলার সারুটিয়া গ্রামের গার্মেন্টস কর্মীর ৮ মাসের শিশুর আরিয়ানের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।
স্থানীয় তথ্যসূত্রে জানা গেছে- কেশবপুর পৌর শহরের হাবিবগঞ্জ নতুন ব্রীজের সামনে বালিয়াডাঙ্গা এলাকায় অবস্থিত শিশু হাসপাতালের কর্ণধার ডা. ডি এম কামরুল ইসলাম বিদেশে অবস্থান করে অনলাইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে শিশুদের চিকিৎসা সেবা দিয়ে আসছিল। কিন্তু তার অপচিকিৎসায় একটি মায়ের কোল খালি হলো। শিশুটি মৃত্যুর পরে বলা হলো তাকে খুলনায় নিতে হবে। প্রতিবাদ করলে নার্স এবং কর্মচারীরা মিলে রোগীদের দিকে তেড়ে যায় এবং মারপিট করার জন্য রোগীর স্বজনদের উপর তেড়ে আসে। এ সময়ে ক্ষুব্ধ রোগীর স্বজনদের ও এলাকাবাসী হাসপাতালের নিচতলার রিসেপশনের আসবাবপত্র ভাঙচুর করে বিক্ষোভ প্রদর্শন করে। এই ক্লিনিক এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্রে জানা গেছে। স্বজনদের দাবি ডাক্তার স্টেশনে না থেকে রাশিয়া থেকে অনলাইনে ভুল চিকিৎসা প্রদান করায় শিশুটির মৃত্যু হয়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।