নিজস্ব প্রতিবেদক : শ্রমিক ঐক্যের আহ্বান, শোষণমুক্ত সমাজ গঠনের প্রত্যয় বিশ্বখ্যাত দার্শনিক ও সমাজতান্ত্রিক চিন্তাবিদ কার্ল মার্কস-এর ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখা। সভায় বক্তারা বলেন- বিশ্বের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমিক-কৃষকসহ সকল মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা মহান চিন্তাবিদ কার্ল মার্কসের দর্শন ও আদর্শ বর্তমান বিশ্বেও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য উজ্জ্বল বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান, বাসদ সদস্য চন্ডীচরণ মজুমদার, বাসদ সদস্য সচিব হাচিনুর রহমান এবং বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু। এছাড়া উপস্থিত ছিলেন চারণের আহ্বায়ক জাহিদ আক্কাস ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক অমিও রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ যশোর জেলা কমিটির আহ্বায়ক শাহাজান আলী।