নিজস্ব প্রতিবেদক : যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বেলতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আব্দুর রশিদ (৫০)। তিনি জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহত অন্তর হোসেন (২৫) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
জানা গেছে, আব্দুর রশিদ মোটরসাইকেল চালিয়ে যশোর শহরের দিকে আসছিলেন। অপর বাইকের চালক অন্তর খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচাড়িয়া বেলতলায় পৌঁছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠান।
জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগে রশিদ মারা যান। অন্তরের অবস্থা আশঙ্কাজনক। হতাহত দুই জনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।