পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ।
লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযানে ৩ টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং একটি প্রতিষ্ঠানে ভুয়া পদবী ও বিশেষজ্ঞ পরিচয় ব্যবহার করে রোগী দেখা ও প্রেসক্রিপশন প্রদান কার্যক্রম পরিচালনা করায় ১জনকে কারাদণ্ড প্রদান করা হয়। বাঁকা বাজারের গৌতম সরকার (৪৭) কে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২৯ লঙ্ঘনের দায়ে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ব্যবস্থাপনায় ২টি প্রতিষ্ঠানের সম্পূর্ণ অংশ এবং ৪টি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।