কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : স্পর্শকাতর মামলার দ্রুত ব্যাবস্থা গ্রহণে সক্ষমতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাতে ভূমিকা রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনকে সম্মাননা দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ। গত রোববার জেলা প্রশাসকের দেয়া সম্মাননা স্মারকটি ওসির হাতে তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। এ সময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্টানে ওসি জেল্লাল হোসেন এবং তার অধীনস্ত সদস্যরা পেশাগত দক্ষতা ও সাহসিকতার সাথে সকল দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন। সেইসাথেই তার নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী ভোটারদের নিরাপত্তা দিয়ে স্বাধীন ভাবে ভোট প্রদানের ব্যবস্থা করেছেন। এছাড়াও কালীগঞ্জের আলোচিত শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনার ওসির নেতৃত্বে দ্রুততম সময়ে ক্লু উদ্ধার ও আসামি আটকে সক্ষম হন। এসব ভালো ও দায়িত্বশীল কাজের স্বীকৃতি স্বরূপ ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারে ওসি জেল্লাল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা পেয়ে ওসি জেল্লাল হোসেন তার অনুভূতি জানিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনদিন পিছু পা হয়নি। দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য কেউ প্রশংসা করলে অবইশ্যই ভাল লাগে। আমার কাজের স্বীকৃতি দেওয়ায় আমি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।