নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলায় চেতনানাশক মিশিয়ে বিস্কুট খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত পৌনে ১ টার দিকে উপজেলার ইজিবাইক স্ট্যান্ড এলাকা থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে দুই অজ্ঞাত ব্যক্তি যশোর সদরে যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া নেয়। পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে থেকে তাদের সহযোগী আরও একজন যাত্রী সেজে গাড়িতে ওঠে।
যাত্রাপথে চূড়ামনকাটি এলাকায় পৌঁছালে তারা ইজিবাইক চালক মো. সাকিব হাসান (১৭)কে বিস্কুট খেতে দেয়। বিস্কুটে চেতনানাশক মিশ্রিত থাকায় তা খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। তার পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে পেলে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।