নিজস্ব প্রতিবেদক : যশোরে অনলাইনে অল্প দামে পণ্য কেনার প্রলোভনে পড়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক নারী। শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা পারভীন নামের ওই ভুক্তভোগী এক লাখ টাকা খুইয়ে এখন প্রতারকদের ধরতে দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইনে এক অচেনা যুবকের সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিশ্বাস অর্জন করে ওই ব্যক্তি। পরে তাকে জানানো হয়, খুব অল্প দামে বাজারমূল্যের চেয়ে অনেক বেশি পণ্য সরবরাহ করা সম্ভব। লোভনীয় এই প্রস্তাবে আগ্রহ দেখালে প্রতারক তাকে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়।
পরবর্তীতে সোমবার রাত আটটার পর পারভীনকে শহরের চিত্রা মোড় এলাকায় ডেকে আনা হয়। সেখানে পৌঁছানোর পর কৌশলে তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়, যাতে সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি বুঝে উঠতে না পারে। একপর্যায়ে পণ্য বুঝিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা নেয় প্রতারক চক্র । টাকা হাতে পাওয়ার পর মুহূর্তেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় তারা।
ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন পারভীন। পরে বহু খোঁজাখুঁজি করেও প্রতারকের কোনো সন্ধান না পেয়ে শেষমেশ তিনি বিষয়টি কোতোয়ালি থানায় অবহিত করেন।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সাধারণ মানুষকে অল্প দামে বেশি পণ্য দেয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে এবং পরে টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারকদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একই সাথে তিনি এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।