নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের শংকরপুরে চাঁদা না দেয়ায় মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লাকী বেগম তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর বটতলা এলাকার বাসিন্দা লাকী বেগম তার দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। একই এলাকার খালেকের ছেলে আকাশ, সাদ্দামের ছেলে শান্ত ও আলতুর ছেলে অনিক দীর্ঘদিন ধরে লাকী বেগম ও তার ভাড়াটিয়াদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয় তারা।
মঙ্গলবার সন্ধ্যায় আকাশ, শান্ত ও অনিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লাকীর বাড়িতে চড়াও হয়। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় তারা লাকী বেগমকে মারপিট করে জখম ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ভাঙচুর করে বাড়ির সিসি ক্যামেরা ঘরের আসবাপাত্র। লুটপাট করে নিয়ে যায় ৭০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, আলমারিতে রাখা জমির দলিল, চেক বই, অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল, টেলিভিশন, ল্যাপটপ ও পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস খান জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। অভিযোগের বিস্তারিত তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।