কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় আটকে মারা গেলেন শিরিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর বনবিভাগ পাড়ায়। তিনি ওই এলাকার রমজান আলীর স্ত্রী।
হাসানের পিতা মনির হোসেন জানান- কোটচাঁদপুর বন বিভাগ পাড়ার বাসিন্দা আমরা। শিরিনা খাতুন রমজান আলীর স্ত্রী। সে আমার ছেলে হাসান, কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও তার ছেলে হাবিবুর রহমানের জন্য প্রতিদিন টিফিন নিয়ে যেতেন বিদ্যালয়ে। সোমবার দুপুরে আমার ও তার ছেলের জন্য টিফিন নিয়ে মিমের টিফিন নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন। এ সময় ওই বাড়িতে থাকা কেক ফ্যাক্টরির ফিতায় আটকে যায় তার কাপড়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় ফ্যাক্টরির মালিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।
খবর পেয়ে কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।