কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বিয়ে করা হলোনা চাকরিজীবী সোহানের। বিয়ের দিনেই বৃহস্পতিবার দুপুরে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানাগেছে-কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নর ৬ নম্বর ওয়ার্ডের পাঁজিয়া গ্রামের সোহরাব হোসেনের পুত্র সোহান হোসেন (২৮) আকিজ গ্রুপে চাকুরি করেন। চাকুরির সুবাদে তিনি ঝিনাইদহ জেলা শহরে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তার ছিলো বিয়ে। তার বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো জোরে শোরে। অতিথিদের আপ্যায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এদিকে বৃহস্পতিবার দুপুরে সোহান বিয়ের প্রস্তুতি নিয়ে ঝিনেইদাহ শহর থেকে বাড়িতে আসার আগমুহূর্তে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে মৃত্যুর খবর মোবাইল ফোনের মাধ্যমে কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের বাড়িতে জানানোর পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহরাব হোসেনের একমাত্র পুত্র সোহান হোসেনের মৃত্যুর খবরে তার পিতা-মাতা পাগলপ্রায়।