Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বর্ষবরণ প্রস্তুতি

৫০ বছর পূর্তিতে দুইদিনের উৎসবে মাতবে উদীচী যশোর

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ০১:০১:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : উদীচী যশোরের কার্যালয় জুড়েই উৎসব আমেজ। ঘরে বাইরে সবখানে শিক্ষার্থী শিল্পী, কলাকৌশলী, কর্মকর্তা আর অভিভাবকদের উপস্থিতিতেই মুখরিত। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে উৎসব আয়োজনের ব্যাপক প্রস্তুতিতে প্রাণে প্রাণে মিলেছে সকলে। নতুন বছরের প্রথম সকাল পহেলা বৈশাখের এই বরণ উৎসবকে বর্ণাঢ্য করে তুলতে প্রস্তুতির যেন শেষ নেই। পৌর উদ্যানে সংগঠনটির বর্ষবরণ উৎসবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার দুইদিনের উৎসবে মাতবে তারা। ৩১ চৈত্র বিকেলে বর্ষ বিদায় আর পহেলা বৈশাখে প্রভাতী ও বৈকালী অনুষ্ঠান। গেল রমজানের মধ্যসময় থেকে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হলেও ঈদুল ফিতরের পর থেকে প্রস্তুতি চলছে জোর কদমে। শহরের প্রধান ডাকঘরের সামনে সংগঠনটির গোটা প্রাঙ্গনে শুরু হয়ে গেছে উৎসব। আল্পনায় খচিত হয়েছে দেওয়াল গুলো। নান্দনিক নিমন্ত্রণপত্র বিলি বন্টনও চলছে। নৃত্য, সংগীত, আবৃত্তি ও অভিনয়ে অংশ নেবে তিন শতাধিক ছেলে মেয়ে। বর্ষবিদায়ের অনুষ্ঠান বিকেলে। থাকবে লোকজ সংস্কৃতি। লোক সংগীত, বাউল সংগীত। বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান সকাল ৬ টা ৩১ থেকে বেলা সাড়ে ১০ টা আর বৈকালি অনুষ্ঠান বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা। বর্ষবরণে সংগঠনটির এবারের বিশেষ আকর্ষণ যাত্রা পালা ‘শাজাহান’ এর অংশ বিশেষ এবং পল্লী কবি জসীমউদ্দীনের গীতি আলেখ্য ‘বেদের মেয়ে’। ৪ এক ঘন্টার প্রভাতী অনুষ্ঠানের শুরুতে উৎসব মঞ্চে পরিবেশিত হবে নানা বাদ্যযন্ত্রের সুর। গোটা অনুষ্ঠানের ডালিতে থাকছে পাঁচ গীতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ এর গান। আধুনিক, লোক ও ফোক সংগীত, আউল বাউল, জারিসহ নৃত্য ও আবৃত্তি। থাকছে শিশু শিল্পীদের বিশেষ পরিবেশনা। সাম্প্রতিক ঘটে যাওয়া রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি উদীচী ঢাকা কার্যালয়ে অগ্নিসংযোগ এর বিষয়টি নিয়ে ক্যানভাস হবে আমন্ত্রণপত্র। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান- ১৯৭৬ সাল থেকে পৌর উদ্যানে উদীচী যশোর বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার হচ্ছে আয়োজনের ৫০ বছর পূর্তি। তাই স্মরণীয় ও বরণীয় করতে হবে দুই দিনের অনুষ্ঠান। তিনি জানান- প্রস্তুতি ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়। তবে জোরালো প্রস্তুতি ঈদুল ফিতরের পর থেকেই হচ্ছে। তিনি আরো জানান- আয়োজন এর সকল প্রস্তুতির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে নিজস্ব স্বেচ্ছাসেবকরা কাজ করবে। প্রতিবারের মতো এবারেও ডা. কাজী রবিউল হক পদক প্রদান করা হবে। শিল্পী ও শিক্ষার্থীদের জন্যে উৎসব উপলক্ষে পাঞ্জাবি, শাড়ী ও ফ্রক তৈরি করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)