Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

এখন সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২৯:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক: মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল সমাজ গড়ে তুলতে খুলনা বিভাগের সব জেলার মতো যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ১৩ সেপ্টেম্বর (রোববার) থেকে যশোরের বিভিন্ন থানার ইউনিয়ন পর্যায় শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই, গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডিকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো হবে। প্রতিযোগিতায় নারী ও পুরুষ দুই বিভাগেই দল অংশ নেবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে দল গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। এরপর উপজেলা চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের বিজয়ী নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতায় এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শ ও সমন্বয়ে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। প্রতিযোগিতার কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার মূল বার্তা হিসেবে বলা হয় ‘যদি ক্রীড়া হয় পেশা, পরিবার পাবে ভরসা।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)