নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির একটি থ্রি-টন গাড়ির ধাক্কায় রোমান (২১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান বেনাপোল এলাকার বাসিন্দা এবং সুমন শেখের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি থ্রি-টন গাড়ি সীমান্ত এলাকায় জনবল নিয়ে যাওয়ার পথে আমড়াখালী চেকপোস্টের সামনে পৌঁছালে সাইকেলযোগে শার্শা থেকে বেনাপোলগামী রোমান গাড়িটির পিছনের বাম পাশে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এতে তিনি মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় বিজিবির মেডিকেল স্টাফ তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে আনলে মৃত ঘোষণা করা হয়।