যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশ হতে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রক্টর ( ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান বলেন- “প্রক্টর হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। প্রশাসনের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে চাই । এছাড়াও যেকোনো সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও মানোন্নয়নে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”