নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র জখম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পানিসারার হাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পানিসারা গ্রামের মোহাম্মদ অম্বত মোড়লের ছেলে আসাদুল ইসলাম (৫০) ও আসাদুলের ছেলে হৃদয় হোসেন (২৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাড়িয়া গ্রামের টাইগার ও সাব্বিরের নেতৃত্বে ১০/১২ দুর্বৃত্ত হামলা চালিয়ে হৃদয়কে কুপিয়ে জখম করে। এসময় ছেলেকে রক্ষা করার জন্য আসাদুল ইসলাম এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে বেধড়ক মারধরে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, আহত পিতা-পুত্রের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।