নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ, আরাজিসুলতানপুর বকশিপুর চাকলা দেবীপুর (এ.বি.সি.ডি) কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সিংহঝুলি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলী। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।