নিজস্ব প্রতিবেদক: ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ‘র যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে শনিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই বিজ্ঞানী,তোমাদের বিজ্ঞান চর্চা করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনসহ সকল ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়নে বিজ্ঞানের কোন বিকল্প নেই। দেশের উন্নয়নে বিজ্ঞানের সঠিক ব্যবহার করতে হবে। এর অপব্যবহার করা থেকে নিজেকে দুরে রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কালক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। প্রতিযোগিতায় প্রকল্প প্রকল্প প্রদর্শনী জুনিয়র গ্রুপে, সিনিয়র গ্রুপে, বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড, বিশেষ গ্রুপে ৪৮ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।আজ রোববার প্রতিযোগিতা শেষ।