নিজস্ব প্রতিবেদক : দাদির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাতি আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল বকশিপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আশরাফুল ইসলাম খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রোববার বিকেলে তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। দাদির মৃত্যুর খবর শুনে খুলনা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন আশরাফুল।
পথিমধ্যে রাত সাড়ে ৮ টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় আশরাফুল গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে রেফার্ড করেন। রাত সাড়ে ১০ টার দিকে আশরাফুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আশরাফুল মারা যান। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শেষবারের মত দাদিকে দেখতে আসার পথে আশরাফুলের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার পাশাপাশি করবে দাদি ও নাতির দাফন সম্পন্ন করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন জানান, আশরাফুলের মৃত্যু নিয়ে কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।