নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পোর্ট থানা এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। ওই দিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৩ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত দেখে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।