নিজস্ব প্রতিবেদক : চৌগাছায় ৩ লাখ ৯৯ হাজার টাকা ও ৬০ বোতল কফ সিরাপসহ জুয়েল রহমান ওরফে জুঁইন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। বুধবার সকালে জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জুয়েল রহমান চৌগাছার বুড়িন্দিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সকালে চৌগাছার বুড়িন্দিয়া গ্রামে অভিযানে যায়। বুড়িন্দিয়া গ্রামে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে জুয়েল রহমানকে আটক ও তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়িতে অভিযান চালিয়ে বক্স খাটের ভিতর থেকে ৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক জুয়েল রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।