ফরহাদ খান, নড়াইল : নড়াইলে বিশ^গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা, বইপাঠ এবং সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাসের সভাপতিত্বে ‘বই ও মানবিক মূল্যবোধ’ বিষয়ে আলোচক ছিলেন-শিক্ষক পরিষদের সম্পাদক রাসেল খান, সৈয়দ তাজউদ্দীন শাওন, সালমান রহমান, অভিজিৎ রাহা, কেয়া রানু রায়, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এছাড়া বইপড়াকে উৎসাহিত করতে শিক্ষার্থী মঈন উদ্দিন ইসলাম, অর্পিতা বিশ্বাস ও উম্মে হাবিবাকে পুরস্কৃত করা হয়। কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম নড়াইল ইউনিটের লাইব্রেরি ইনচার্জ প্রদীপ কুমার সরকার বলেন, বইপড়াকে উৎসাহিত করতে বিশ^ গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির পক্ষ থেকে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগেও আমরা বইপড়াকে উৎসাহিত করতে চাই। বেশি পাঠক সৃষ্টি করতে চাই।
এছাড়া বইপড়ার মাধ্যমে মননশীলতা, মানবিক মূল্যবোধ, সততা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, আদর্শ ও শিষ্টাচার জাগ্রত হয়। বইপড়া মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। বই পাঠের মাধ্যমে মানুষের চারিত্রিক উন্নতি ও নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। বই মানুষকে ন্যায়-অন্যায় এবং ভালো-মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে। বই মানুষকে সহানুভূতি ও সহনশীলতা বৃদ্ধি করে। বই মানুষকে জ্ঞানচর্চার পরিধি বৃদ্ধি করে। বইপড়ার মাধ্যমে দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল করে তোলে। বই মানুষকে চিন্তাশক্তি প্রসারিত করে।
এদিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাস বলেন, বই আমাদের জ্ঞানের ধারক ও বাহক। বই অতীত ও বর্তমানের সাঁকো। বইপাঠ মস্তিষ্ক শাণিত করে, ব্লাডপ্রেসার ঠিক রাখে, হার্ট সুস্থ রাখে এবং অবসাদ দুর হয়। বই মধুর মতো বহুমুখী উপকারে আসে। মানুষের মূল্যবোধ সৃষ্টি করে। তাই বই পাঠাভ্যাসের বিকল্প নেই। পাঠ্যবই পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা অবশ্যই জ্ঞান, বিজ্ঞান, উপন্যাস, মনীষীদের জীবনীসহ বিভিন্ন ধরণের বই পড়বে।