মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সোমবার (৪ মে) গভীর রাতে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বালিদিয়া বাজারের একটি মুদি দোকানের ভেতরে নিয়মিত জুয়ার আসর বসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন বালিদিয়া গ্রামের মো. ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০), রাজ্জাক মোল্যা (৩৫) সহ ১৬ জন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, জুয়া খেলার সময় তাস ও নগদ অর্থসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। সামাজিক অপরাধ দমন, বিশেষ করে জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।