নিজস্ব প্রতিবেদক : যশোরে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে আটক করেছে র্যাব-৬ ও র্যাব-৩। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক ইউনুসের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে করা হয়। আটক শফিয়ার রহমান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, আটক সফিয়ার রহমানের বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। র্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক শফিয়ার রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।