Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবল কাপে টাইব্রেকারে কালীগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি

এখন সময়: সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৬:০২:৫৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ও হাজার হাজার দর্শকের করতালির মধ্য দিয়ে শেষ হলো ‘সাতক্ষীরা জেলা প্রশাসক ফুটবল কাপ ২০২৬’। রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জমজমাট ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে কালীগঞ্জ উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশাশুনি উপজেলা ফুটবল দল। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় প্রতীক্ষিত এ ফাইনাল ম্যাচ। খেলা শুরু হতেই গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে মাঠে দুই দলের মধ্যে আক্রমণ-প্রতিআক্রমণের হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। ম্যাচের প্রথমার্ধে আশাশুনি উপজেলা ফুটবল দলের খেলোয়াড় সজীব দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে পিছিয়ে পড়ে থেমে থাকেনি কালীগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে কালীগঞ্জের আলামিন গোল করে ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে আনেন। ?নির্ধারিত ৯০ মিনিটের খেলা সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। শ্যুটআউটে মানসিক স্নায়ুচাপ সামলে আশাশুনি উপজেলা ফুটবল দল ৫টি সুযোগেরই চমৎকার সদ্ব্যবহার করে ৫টি গোল করে। অন্যদিকে কালীগঞ্জ উপজেলা ফুটবল দল ৪টি গোল করতে সমর্থ হয়। ফলে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে জেলা প্রশাসক কাপের ট্রফি উঁচিয়ে ধরে আশাশুনি। টাইব্রেকারে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন আশাশুনি উপজেলা ফুটবল দলের গোলকিপার। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কাওসার আজিজ এবং জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব যৌথভাবে আশাশুনি ও কালীগঞ্জ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল ক্রীড়াপ্রেমীদের উল্লাস ও উদযাপনের এক বর্ণিল আবহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)