Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে দলিল লেখকদের উন্মুক্ত সবজি বাগান, অসহায়দের স্বস্তির ঠিকানা

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:৪৭:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা দলিল লেখক সমিতি। উপজেলা দলিল লেখক ব্যারাক (সেরেস্তা) চত্বরে গড়ে তোলা হয়েছে একটি উন্মুক্ত সবজি বাগান। যেখান থেকে অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারছেন। সবজির বাজারে ঊর্ধ্বগতির এই সময়ে উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। সমিতি সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে সারাদেশে প্রথম বারের মতো আধুনিক সুবিধা সম্পন্ন দলিল লেখক ব্যারাক নির্মাণ করা হয় মহেশপুরে। এর পরই এর সামনের খালি জায়গা ব্যবহার করে গড়ে তোলা হয় এই উন্মুক্ত সবজি বাগান। বর্তমানে বাগানটিতে লাল শাক, সবুজ শাক, ঢেঁড়স, লাউ, করলা, কলা, কলমি শাক, মিষ্টি কুমড়াসহ নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে, কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এসব সবজি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন জানান, আমরা চেয়েছি এই জায়গাটি শুধু অফিস হিসেবে সীমাবদ্ধ না রেখে মানুষের উপকারে লাগাতে। তাই উন্মুক্ত ভাবে এই সবজি বাগান করা হয়েছে। যাতে দরিদ্র মানুষ নিজের হাতে সবজি তুলে নিতে পারেন। সমিতির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, মূল লক্ষ্যই ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি চাষের পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, বাগানটির সার্বিক দেখভালের জন্য একজন কর্মীও নিয়োজিত রয়েছে। সবজি নিতে আসা স্থানীয় বাসিন্দা আওয়াল হোসেন বলেন- আমি প্রায়ই এখানে এসে সবজি নিয়ে যাই। এগুলো একেবারেই প্রাকৃতিক ভাবে চাষ করা। তাই খেতেও অনেক স্বাদ। বাজারে এখন সবজির দাম বেশি, তাই আমাদের মতো মানুষের জন্য এটি বড় সহায়তা। উপজেলা চত্বরে অবস্থিত এই বাগানটি ইতিমধ্যে স্থানীয়দের কাছে একটি মানবিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ অন্য জায়গাতেও ছড়িয়ে পড়লে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)