খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারে ৫ মে (মঙ্গলবার) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ব্র্যাকের পক্ষে সিনিয়র ডিরেক্টর হোসাইন ইশরাত আদিব এমওইউতে স্বাক্ষর করেন। পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের উপস্থিতিতে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ ব্র্যাকের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমওইউর আওতায় বিজ্ঞান, প্রযুক্তি ও মানবসম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করে দুর্বল উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে মাঠপর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধান উন্নয়নে জোর দেয়া হবে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে গবেষণা ও উন্নয়ন সহযোগিতা নতুন মাত্রা পাবে এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীল উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।