কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (২৫) নিহত ও রফিকুল ইসলাম বাবু আহত হয়েছে। নিহত শামীম উপজেলা বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা ষাটবাড়িয়া গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ছিল। এসময় অসাবধানতাবশত শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পাশে থাকা রফিকুল ইসলাম শামীমকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিমন ইসলাম জানান, বিদ্যুতস্পৃষ্ট শামীম হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। আহত রফিকুলকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে যোগ করেন তিনি। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।