নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলায় ও মণিরামপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের বাবর আলীর ছেলে আলাউদ্দিন (২৫) মাড়ুয়া মন্দিরে নাইট গার্ড হিসেবে কর্মরত। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যশোর শহরের মাড়ুয়া মন্দিরের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক তাকে ধারালো চাকু দিয়ে নিতম্বে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। অপর ঘটনায়, শহরের ষষ্ঠীতলা এলাকার সুমনের ছেলে রাকিব হোসেন (২৪) শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চার খাম্বার মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের শিকার হন। অভিযোগ রয়েছে, টিবি ক্লিনিক মোড় এলাকার নাইম (১৯) নামের এক যুবক কথাকাটাকাটির একপর্যায়ে রাকিবকে চাকু দিয়ে পেটের ডান পাশে ও ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাকিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।