যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬। শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ ও নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ এই দুইটি ইভেন্টে সিনিয়র ও জুনিয়র দুই ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি প্রোগ্রামিং ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী ও ২ টি কুইজ ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হয় যবিপ্রবি কেন্দ্র থেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, মনিশংকর হালদার, প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির, আবু রাফে মোঃ জামিল, যশোর জেলা আইসিটি অফিসার মোঃ আবুল কাশেম পলাশসহ বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানে ড. মোঃ আলম হোসেন বলেন-আমাদের সকলের উচিত এই সাইবার জগতে নিজেকে সুরক্ষিত রাখা। ডেলিভারি থেকে শুরু করে সকল বিষয়ে ওটিপি দেয়ার ব্যাপারে সচেতন থাকা আবশ্যকীয়। আমাদের উচিত সর্বোচ্চ জটিল পাসওয়ার্ড ব্যাবহার করা এবং নিজ সম্পর্কিত কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার না করা। সভাপতির বক্তব্যে ড. মোঃ কামরুল ইসলাম বলেন-কাউকে ছবি বা ব্যক্তিগত তথ্য দেয়ার আগে আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা। নিজের ব্যক্তিগত কোন তথ্য প্রয়োজন ব্যতিত সোশ্যাল মিডিয়ায় আপলোড না দেওয়া এবং কোনো অনাকাক্সিক্ষত ঘটনার শিকার হলে যতদ্রুত সম্ভব অবিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের সাথে সুসম্পর্ক রাখা ও খোঁজ নেয়া যাতে তারা অনলাইন জগতে কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নৌশিন আমিন শেখ।