বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ। রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে হঠাৎ করেই বাঘারপাড়া থানা পুলিশের একটি দল চেয়ারম্যান আবু মোতালেব তরফদারের বাড়িতে অভিযান চালায়। পরে কোনো সুস্পষ্ট কারণ না জানিয়েই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আটক হওয়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মোতালেব তরফদার দীর্ঘদিন ধরে দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং এলাকায় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাতে চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করা হয়েছে। অন্যদিকে আটক হওয়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান আবু মোতালেব তরফদার গণমাধ্যমকে বলেন, আমার নামে কোনো মামলা আছে বলে আমি জানি না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আটক করা হয়েছে। আমি আওয়ামী লীগের রাজনীতি করি, এটা সত্য। কিন্তু আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারপরও কেন পুলিশ আমাকে আটক করেছে, তা আমি নিজেও জানি না।