শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেছেন- সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া অন্য সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আগে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনপূর্ব মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-মাঠ পর্যায়ের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ জনগণের উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন ধরনের ফান্ড থেকে উন্নয়নমুখি প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্রসহ অন্যরা। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপজেলা ভূমি অফিসসহ গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নে খাল খনন ও এইচবিবি প্রকল্পের ইটের তৈরি রাস্তার কাজ পরিদর্শন করেন।