উৎপল বিশ্বাস, নেহালপুর : যশোরের মনিরামপুর উপজেলার কাজিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেহালপুর পুলিশ ক্যা¤েপর সদস্যরা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কাজিয়াড়া গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (৪০) এবং একই গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নেহালপুর পুলিশ ক্যা¤েপর উপ-পরিদর্শক (এসআই) অলোক বিশ্বাসের নেতৃত্বে একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিল। রাত ৯টা ৪০ মিনিটের দিকে পুলিশ গোপন সংবাদ পায় যে, কাজিয়াড়া গ্রামে আজিজুল বিশ্বাসের বসতবাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাত ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আজিজুল ও সাগরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আজিজুলের কাছ থেকে ২৬ পিস এবং সাগরের কাছ থেকে ২০ পিসসহ মোট ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেহালপুর পুলিশ ক্যা¤েপর এস,আই অলোক বিশ্বাস জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।