নিজস্ব প্রতিবেদক : যশোরের বিমানবন্দর সড়কের আরবপুর এলাকায় নির্মাণাধীন ‘ডি লাইট’ নামক একটি ১৩ তলা ভবনের মালিকপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েকশ নির্মাণ শ্রমিক ও ঠিকাদার। ৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কে ওই ভবনের সামনে একত্রিত হয়ে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিক ও ঠিকাদারদের সূত্রে জানা যায়, ডি লাইট ভবনের প্রকৃত মালিক মো. আব্দুস সালাম সরদার হবি (৭৫) প্রায় ৩০০ জন শ্রমিক ও বেশ কয়েকজন কন্টাক্টর (ঠিকাদার) নিয়ে এই বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত বছরের ২৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ভবন মালিকের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান কামাল হোসেন ও সায়েদ হোসেন বিদেশ থেকে দেশে ফিরে আসেন এবং বাবার দাফন ও অন্যান্য কার্য সম্পন্ন করেন। অভিযোগ উঠেছে, এরপরই তারা ভবনের ম্যানেজার ফরিদ হোসেনসহ কর্মরত সকল ঠিকাদার ও শ্রমিকদের ডেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ "কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও আমাদের দীর্ঘদিন ধরে খেটে খাওয়া শ্রমের বকেয়া বিল পরিশোধ করা হয়নি। উল্টো পাওনা টাকা চাইতে গেলে ভবন মালিকের ছেলেরা আমাদের গালিগালাজ, ভয়ভীতি ও নানা রকম হুমকি-ধামকি দিচ্ছেন।" বকেয়া বিল না পাওয়ায় গত কয়েক মাস ধরে প্রায় ৩০০ শ্রমিক ও তাদের পরিবার চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ভূত পরিস্থিতিতে অসহায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে স্থানীয় সুশীল সমাজ এবং জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন।