নিজস্ব প্রতিবেদক: চৌগাছার ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে। গত ১৯ মে রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। এ সময় তার ভাই আশানুর রহমানও আহত হন। উল্লেখ্য, ওইদিন ঝন্টুর ১৪ বছর বয়সী মামাতো বোন জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ঝন্টু মিয়া ও তার ভাইকে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত ঝন্টু ও তার ভাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আবু ওবায়দার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামিদাকে আটক করা হয়েছে। আটক আবু ওবায়দাকে যশোরে আনা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।